রতন মোল্লা
শরীয়তপুর জেলা প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শরীয়তপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জুলাই যোদ্ধা, শহিদ পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সর্বস্তরের জনগণের অংশগ্রহণে শরীয়তপুর জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগমের নেতৃত্বে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে “জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগম। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে জুলাইয়ের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিবৃন্দ জুলাই শহিদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের হাতে ফুল, সম্মাননা ক্রেস্ট ও নিমগাছের চারা তুলে দিয়ে তাঁদের প্রতি রাষ্ট্র ও সমাজের পক্ষ থেকে সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, জুলাই যোদ্ধা, শহিদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।,
মোঃ রতন মোল্লা শরীয়তপুর জেলা প্রতিনিধি