মো: আরিফুল ইসলাম , কালীগঞ্জ (ঝিনাইদহ): গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এবং গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ঝিনাইদহের কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলা বিএনপির স্থানীয় দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন জীবন এবং সঞ্চালনা করেন মাহবুবুর রহমান মিলন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লুৎফর রহমান লেন্টু, আশরাফুজ্জামান লাল, আজিজুল ইসলাম, শাহিন লস্কর, হাবিবুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা ও পৌর সিনিয়র নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, "গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের রক্তের বিনিময়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারের ইতিবাচক কর্মকাণ্ডে গঠনমূলক সহযোগিতা করার পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা দলীয় নেতাকর্মীদের মধ্যে ভেদাভেদ ভুলে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং জনগণের কল্যাণে নিবেদিত থেকে উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপির সাবেক চেয়ারপারসনের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
মোঃ আরিফুল ইসলাম