ঢাকার অদূরে দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল ও শ্রমিক অধ্যুষিত সাভারে স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগকে স্বাগত জানিয়ে আনন্দ র্যালি করেছেন হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। একই সঙ্গে হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১০ জন আনসার সদস্য নিয়োগের সিদ্ধান্তেও সন্তোষ প্রকাশ করেন তারা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।
র্যালিতে হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী এবং স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা স্বাস্থ্যসেবার উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ এবং জনগণের জন্য আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিতের প্রত্যাশা ব্যক্ত করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে রাব্বী। এছাড়াও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাভার দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল হওয়ায় প্রতিদিন হাজারো শ্রমিকসহ বিপুলসংখ্যক মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসেন। দীর্ঘদিন ধরে শয্যাসংখ্যা বৃদ্ধি, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং হাসপাতালের নিরাপত্তা জোরদারের দাবি ছিল। ৫০ শয্যার পরিবর্তে ১০১ শয্যায় উন্নীত হওয়ার ফলে রোগীদের জন্য আরও বিস্তৃত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা আরও বলেন, হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ জন আনসার সদস্য নিয়োগের ফলে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের জন্য একটি নিরাপদ পরিবেশ সৃষ্টি হবে। এতে সেবাদান কার্যক্রম আরও নির্বিঘ্ন ও কার্যকর হবে বলে তারা মনে করেন।
র্যালি শেষে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা স্বাস্থ্যখাতে এ উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
স্থানীয় সচেতন মহলের মতে, শয্যাসংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, প্রয়োজনীয় জনবল, আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হলে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শুধু সাভার নয়, আশপাশের এলাকার লাখো মানুষের জন্য একটি আধুনিক ও কার্যকর স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত হবে।
এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি