মোঃ এনামুল হক
গাইবান্ধা জেলা
হঠাৎ আকস্মিক পরিদর্শনে গিয়ে গোবিন্দগঞ্জবাসীর মন জয় করে নিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)। আজ রোববার সকাল সাড়ে ১০টার পরে কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। মন্ত্রীর এমন চমকপ্রদ ও কঠোর পদক্ষেপে বর্তমানে উপজেলার সর্বমহলের মানুষের প্রশংসার বন্যায় ভাসছেন তিনি। সাধারণ মানুষের কাছে তিনি এখন একরকম ‘সুপার হিরো’।
জানা যায়, পরিদর্শনের সময় কুকুরে কামড়ানোর শিকার এক রোগীর সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন (অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন) সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার কথা থাকলেও, ওই রোগীকে হাসপাতাল থেকে ভ্যাকসিন না দিয়ে বাইরে থেকে কিনতে বাধ্য করা হয়। বিষয়টি হাতেনাতে ধরে তাৎক্ষণিক তীব্র ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।
পরে সরকারি ওষুধ ও ভ্যাকসিন রোগীদের না দিয়ে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে চিকিৎসাসেবা ও হাসপাতালের সার্বিক কার্যক্রমে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কঠোর নির্দেশনা দেওয়া হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা সহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই আকস্মিক পরিদর্শন পরিচালিত হয়।
হঠাৎ এমন কড়া পদক্ষেপ ও পরিদর্শনে সাধারণ জনগণ ও রোগীরা বেজায় খুশি। স্থানীয়রা জানান, মন্ত্রী মহোদয়ের এমন যুগোপযোগী তদারকি থাকলে চিকিৎসাসেবার মান ও সেবকদের মাঝে জবাবদিহিতা বহুগুণ বৃদ্ধি পাবে। উপজেলার সাধারণ জনগণের জোর দাবি, সেবামূলক এই প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও অনিয়ম দূর করতে নিয়মিতভাবেই যেন এমন আকস্মিক পরিদর্শন অব্যাহত রাখা হয়।
মোঃ এনামুল হক