নওগাঁর রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান-এর বদলির সিদ্ধান্ত শেষ পর্যন্ত কার্যকর হচ্ছে না। নতুন প্রশাসনিক আদেশ অনুযায়ী তিনি রাণীনগর উপজেলাতেই দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।
এর আগে গত ২৬ জুলাই রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে রাণীনগরের ইউএনও মো. রাকিবুল হাসানকে অন্যত্র বদলি এবং রাজশাহীর বাঘা উপজেলার ইউএনও শাম্মী আক্তারকে রাণীনগরে পদায়নের নির্দেশ দেওয়া হয়েছিল।
বদলির খবর প্রকাশের পর থেকেই রাণীনগরজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং সচেতন নাগরিকরা সামাজিক যোগাযোগমাধ্যমে ইউএনও রাকিবুল হাসানকে রাণীনগরে বহাল রাখার দাবি জানান। ফেসবুকে তাকে নিয়ে অসংখ্য পোস্ট, ছবি ও মতামত ছড়িয়ে পড়ে। অনেকেই তার জনবান্ধব প্রশাসন, উন্নয়ন কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কথা তুলে ধরেন।
এদিকে বাঘা উপজেলার তৎকালীন ইউএনও শাম্মী আক্তারকে রাণীনগরে পদায়নের ঘোষণার পর তাকে নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে মতামত ও প্রতিক্রিয়া তৈরি হয়।
সবশেষে ২ আগস্ট রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা নতুন প্রজ্ঞাপনে পূর্বের বদলিসংক্রান্ত আদেশের একটি অংশ বাতিল করা হয়। এর ফলে মো. রাকিবুল হাসানের বদলি কার্যকর হয়নি এবং তিনি রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবেই দায়িত্ব পালন করবেন।
এই সিদ্ধান্তের খবরে রাণীনগরবাসীর মধ্যে স্বস্তির পরিবেশ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই প্রশাসনের এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে জনমতের প্রতি সম্মান প্রদর্শনের উদাহরণ বলে মন্তব্য করছেন।
আব্দুল্লাহ আল মাহীদ