অদ্য ঢাকার কেরানীগঞ্জে অনুমোদন না নিয়েই বাংলাদেশ লাইফ কেয়ার হাসপাতাল নামে একটি প্রতিষ্ঠানে চলছিলো নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ)। সদ্য জন্ম নেয়া শিশুদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা প্রদানের মতো এই অতি গুরুত্বপূর্ণ সেবাটি অনুমোদন না নিয়ে পরিচালনার অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হাসপাতালটির এই সেবাটি কার্যক্রমটি বন্ধ করে দেয় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক।
এছাড়া হাসপাতালটির বিরুদ্ধে আরও অনিয়ম পাওয়া গেলে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে ডায়গনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন ও মূল্য তালিকা না থাকায় কদমতলী ডায়াগনস্টিক এন্ড কনসালেটেন্ট সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক এসময় তাকে সহযোগীতা করেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোকাদ্দেস হোসেন।
কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোকাদ্দেস হোসেন বলেন, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এ ধরনের অভিযান অব্যাহাত থাকবে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক বলেন, অনুমোদন না নিয়ে এনআইসিইউ,র মতো একটি গুরুত্বপূর্ণ সেবা পরিচালনা করা অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি সেবা কার্যক্রম বন্ধ করা হয়েছে। এছাড়া অন্য একটি প্রতিষ্ঠানে লাইসেন্স নবায়ন ও মূল্য তালিকা না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুটি প্রতিষ্ঠানকে আগামী ১৫ দিনের মধ্যে সকল কাগজপত্র নবায়ন করে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় যত্রতত্রভাবে এসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে।বিধিবহির্ভূত সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুততার সাথে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নিজস্ব প্রতিনিধি