নিজস্ব প্রতিনিধি : ফজলুল কবির
পাবনায় পৃথক অভিযানে ২১০ গ্রাম গাঁজা, ৬৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। একই সময়ে বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে আরও পাঁচ মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের নিয়মিত মাদকবিরোধী অভিযানে এসব অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি পাবনা সদর সার্কেল সূত্রে জানা যায়, পরিদর্শক তারেক মাহমুদ ও উপ-পরিদর্শক সোহানের নেতৃত্বে পৃথক অভিযানে পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের দোগাছী গ্রামের নিজ বসতঘর থেকে মো. খাইরুল সরদার (৫০) নামে এক ব্যক্তিকে ২১০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত লতিফ সর্দারের ছেলে।
অপর অভিযানে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাবুলচড়া গ্রামের নিজ বসতঘর থেকে মো. আনোয়ার হোসেন ওরফে আনাই (৫৩) নামে এক ব্যক্তিকে ৬৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মো. শীতল প্রামাণিকের ছেলে।
এ ঘটনায় ডিএনসির পরিদর্শক তারেক মাহমুদ ও উপ-পরিদর্শক সোহান বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করেছেন।
এদিকে, পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলাম এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পাবনা সদর উপজেলার লস্করপুর এবং ঈশ্বরদী উপজেলার মুলাডুলি, পিয়ারাখালী ও দাশুড়িয়া এলাকার বিভিন্ন মাদক স্পট থেকে পাঁচ মাদকসেবীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—পাবনা সদর উপজেলার কিসমত প্রতাপপুর গ্রামের মো. ইসলাম (৫৫), কুলুনিয়া গ্রামের আবু জুবায়ের (৫২), ঈশ্বরদী উপজেলার মুনশীতপুর গ্রামের মো. খোকন (৪০), পশ্চিম পেয়ারাখালী গ্রামের মো. মিলন (৪০) এবং মুনশীতপুর গ্রামের মো. সামছুল (৫০)।
পরে ডিএনসি পাবনার পরিদর্শক মো. আব্দুর রহিম ও উপ-পরিদর্শক সোহান আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। শুনানি শেষে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। পরে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। তিনি জানান, চলতি জুলাই মাসে এ পর্যন্ত মাদক অপরাধের সঙ্গে জড়িত মোট ৬৭ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিএনসির অভিযান অব্যাহত থাকবে।