স্টাফ রিপোর্টার : ফজলুল কবির
পাবনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১২০ পিস ইয়াবাসহ শেখ লিটন (৪১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে পাবনা সদর থানাধীন দক্ষিণ রাঘবপুরের খান বাহাদুর রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৩৫৫ নম্বর একতলা পাকা বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শেখ লিটনকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে শয়নকক্ষের তোশকের নিচে রাখা একটি জিপার ব্যাগ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেখ লিটন বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রির কথা স্বীকার করেছে। এছাড়া সিডিএমএস যাচাই করে তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন গুরুতর অপরাধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।