এইচ এম সাগর, সাভার উপজেলা প্রতিনিধি:
মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের ধারাবাহিকতায় ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক দুইটি সফল অভিযানে মোট ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিন-এর সার্বিক নির্দেশনায় পরিচালিত এ অভিযানে ডিবি (উত্তর)-এর সদস্যরা সাভার মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারিদের আটক করেন। পুলিশ বলছে, মাদকের বিস্তার রোধ এবং সমাজকে মাদকমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০ জুলাই সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. আ. মুত্তালিব সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে সাভার মডেল থানার বক্তারপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মোসাঃ ললিতা আক্তার (৩০) ও মোসাঃ খায়রুন নেছা (২০) নামে দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ললিতা আক্তারের পিতা মৃত কামাল হোসেন এবং স্বামী মো. মহর আলী ওরফে আরমান। তার বাড়ি সাভারের বক্তারপুর বেদেপল্লী এলাকায়। অপরদিকে খায়রুন নেছার পিতা মৃত নূর ইসলাম এবং স্বামী মো. শাকিল। তিনি বক্তারপুর এলাকার করিম পালোয়ানের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৬ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার টাকা।
একই দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ডিবি (উত্তর)-এর এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্সসহ সাভার মডেল থানার শোভাপুর রাজফুলবাড়িয়া এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ অভিযানে মো: আলী হোসেন (৩৩) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার পিতা মো. সেলিম এবং মাতা পারভীন বেগম। তার বাড়ি সাভার মডেল থানার কলমা উত্তরপাড়া এলাকায়।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত তিন আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল এবং সমাজকে মাদকমুক্ত রাখতে বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী, মাদক চক্র এবং মাদকের সঙ্গে জড়িত সকল অপরাধীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে। পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণকেও মাদকের বিরুদ্ধে সচেতন থাকার পাশাপাশি যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
উপজেলা প্রতিনিধি