মোঃএমরুল ইসলাম
স্মার্টফোন ও সহজলভ্য ইন্টারনেটের কল্যাণে বর্তমানে মোবাইলভিত্তিক অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে তরুণ ও যুবসমাজের একটি বড় অংশ দ্রুত অর্থ উপার্জনের প্রলোভনে পড়ে এসব জুয়ার সঙ্গে জড়িয়ে পড়ছে। ফলে অনেকেই আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক অবসাদ, পারিবারিক কলহ এবং সামাজিক অবক্ষয়ের শিকার হচ্ছেন।
সংশ্লিষ্টদের মতে, অনলাইন ক্যাসিনো, বেটিং অ্যাপ, লুডু বা বিভিন্ন গেমের আড়ালে পরিচালিত অর্থের লেনদেনভিত্তিক জুয়া তরুণদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রথমে অল্প লাভের আশায় শুরু হলেও পরে অধিকাংশই বড় অঙ্কের টাকা হারিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন। অনেক ক্ষেত্রে পরিবারে অশান্তি, চুরি, প্রতারণা এমনকি অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ার ঘটনাও ঘটছে।
সমাজ সচেতন মহলের দাবি, মোবাইল জুয়ার ভয়াবহতা সম্পর্কে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে অবৈধ অনলাইন জুয়ার সঙ্গে জড়িত অ্যাপ, ওয়েবসাইট ও চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।
বিশেষজ্ঞরা মনে করেন, যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে মোবাইল জুয়ার ভয়াবহতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। সচেতনতা, পারিবারিক তদারকি এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে এই সামাজিক ব্যাধি প্রতিরোধ করা সম্ভব।
নিজস্ব প্রতিনিধি