মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পালানোর ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার ৩২ মামলার আসামি সম্রাট

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:০৬ pm
পালানোর ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার ৩২ মামলার আসামি সম্রাট

মোঃ ফরিদ হোসেন: গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) কোর্ট পুলিশের গারদখানার রিসিভ ডেস্ক থেকে পালিয়ে যাওয়া ৩২টি মামলার আসামি মো. সম্রাট মন্ডল (২৮) কে পালানোর ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব-১, গাজীপুর এবং র‍্যাব-১৪, ময়মনসিংহের যৌথ অভিযানে মঙ্গলবার (২১ জুলাই) রাত ১২টা ১০ মিনিটে ময়মনসিংহ সদর উপজেলার কাশর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গত সোমবার (২০ জুলাই) দুপুর ১টা ৫৬ মিনিটে জিএমপি কোর্ট পুলিশের নিয়ন্ত্রাধীন গারদখানার রিসিভ ডেস্কে আদালতে নেওয়ার জন্য অন্যান্য আসামিদের সঙ্গে সিরিয়ালে দাঁড় করিয়ে রাখা হয়েছিল সম্রাটকে। এ সময় সে কৌশলে হাতকড়া থেকে হাত বের করে দৌড়ে পালিয়ে যায়।

ঘটনার পর জিএমপি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জরুল ইসলাম বাদী হয়ে দণ্ডবিধির ২২৪ ধারায় একটি মামলা দায়ের করেন। আসামি পালানোর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে র‍্যাব বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে ছায়া তদন্ত শুরু করে।

র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় র‍্যাব-১, সিপিএসসি, গাজীপুর এবং র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে ময়মনসিংহ সদর উপজেলার কাশর এলাকা থেকে পলাতক আসামি সম্রাটকে গ্রেফতার করা হয়।

র‍্যাব আরও জানায়, এর আগে গত ১৯ জুলাই রাতে গাজীপুর মহানগরের গাছা থানার খুনিয়া মধ্যপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে সম্রাটসহ চারজনকে গ্রেফতার করা হয়েছিল। পরে তাদের জিএমপি সদর থানায় হস্তান্তর করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, গ্রেফতারকৃত মো. সম্রাট মন্ডলের বিরুদ্ধে গাজীপুরসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতিসহ মোট ৩২টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!