নওগাঁর রাণীনগরে গাঁজা সেবনের দায়ে মো. রায়হান (২৬) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত রায়হান রাণীনগর উপজেলার খটেশ্বর হাদীপাড়া গ্রামের বাসিন্দা এবং মো. আসাদ মোল্লার ছেলে।
শনিবার ১১ জুলাই রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন এই দণ্ডাদেশ প্রদান করেন। প্রসিকিউটর হিসেবে মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন এসআই মো. মিন্টু আহম্মেদ।
আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মো. রায়হানকে গাঁজা সেবনের দায়ে আটক করা হয়। পরে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মোবাইল কোর্ট মামলা নং-১৩১/২৬, রায় ঘোষণার পর আদালতের নির্দেশ অনুযায়ী দণ্ডপ্রাপ্তকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকবিরোধী এই অভিযান প্রসঙ্গে রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ। জনস্বার্থ রক্ষায় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক সেবন ও কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"