নওগাঁর পোরশায় এইচএসসি পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে এসে এক যুবক এবং মূল পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
শনিবার (৪ জুলাই ২০২৬) পোরশা সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি বাংলা পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
আটক কৃতরা হলেন মো. জাহিদ হাসান (২১), পিতা: মো. রেজাউল সরদার, গ্রাম: বারিন্দা, থানা: পোরশা, জেলা: নওগাঁ এবং শ্রী বিপ্লব বর্মন (২১), পিতা: শ্রী সময় বর্মন, গ্রাম: গাঙ্গুরিয়া দেওনাপাড়া, থানা: পোরশা, জেলা: নওগাঁ।
পুলিশ সূত্রে জানা যায়, জাহিদ হাসানের প্রবেশপত্র ব্যবহার করে তার বন্ধু বিপ্লব বর্মন পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা চলাকালে দায়িত্বরত শিক্ষক পরীক্ষার্থীর পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করলে তার নাম-পরিচয় জানতে চান। সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হলে বিষয়টি কেন্দ্রে দায়িত্বরত এসআই (নিঃ) মো. জিয়াউর রহমানকে জানানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপ্লব বর্মন স্বীকার করেন যে, তিনি তার বন্ধু জাহিদ হাসানের পরিবর্তে প্রক্সি পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন। পরে থানা পুলিশ ও পরীক্ষা কমিটির সদস্যদের সহযোগিতায় মোবাইল ফোনে খবর দিলে মূল পরীক্ষার্থী জাহিদ হাসান কেন্দ্রে উপস্থিত হন এবং ঘটনার সত্যতা স্বীকার করেন। এরপর পুলিশ তাকেও আটক করে।
ঘটনার বিষয়ে কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাবিলা ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি), পোরশা, ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করেন। পরে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ২০১৮-এর ৩(ক) ও ১৩ ধারায় উভয়কে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সাজা কার্যকরের জন্য পুলিশি প্রহরায় দণ্ডপ্রাপ্ত দুইজনকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।