ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের অভিযানে এ যাবৎকালের অন্যতম বৃহৎ গাঁজার চালান উদ্ধার করা হয়েছে। অভিযানে একটি পিকআপ ভ্যান থেকে প্রায় ৯ মণ (৩৬০ কেজি) গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পরিবহনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে কসবা থানার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকার কদমতলী–সয়দাবাদ সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
কসবা-আখাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব এবং কসবা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ৩৬০ কেজি গাঁজা, দুটি মোবাইল ফোন এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
এ সময় গাঁজা পরিবহনের অভিযোগে পিকআপচালক মো. শাকিল (৩০)-কে আটক করা হয়। তিনি কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের কালতা দিঘীরপাড় এলাকার বাসিন্দা।
কসবা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ থেকে নেমে আরও দুই থেকে তিনজন অজ্ঞাত ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। তাদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের দাবি, কসবায় সাম্প্রতিক সময়ে এটি উদ্ধার হওয়া এ যাবৎকালের অন্যতম বৃহৎ গাঁজার চালান, যা মাদকবিরোধী অভিযানে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।