কুয়াকাটায় হানিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
ট্রাকচালক হানিফ ফকির হত্যা মামলার প্রধান অভিযুক্ত বিপ্লব চন্দ্র মন্ডলের সর্বোচ্চ শাস্তির দাবিতে কুয়াকাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় কুয়াকাটা বাস টার্মিনাল সংলগ্ন সড়কে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য, সমগ্র বাংলাদেশ, মহিপুর থানা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পটুয়াখালী আন্তঃজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন, সমাজকল্যাণ কর্ম সেবা সংস্থাসহ বিভিন্ন শ্রমিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, হানিফ ফকিরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তারা দ্রুত বিচার সম্পন্ন করে অভিযুক্ত বিপ্লব চন্দ্র মন্ডলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ সময় নিহত হানিফ ফকিরের স্ত্রী মোসা. সীমা বেগম, ছেলে মো. ইসমাইল (১৩) ও মেয়ে মোসা. হামিদা আক্তার (৯) আবেগঘন বক্তব্য দিয়ে হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।
মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক ও শ্রমিক নেতা অংশ নেন। পরে তারা দ্রুত তদন্ত শেষ করে আদালতের মাধ্যমে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
উপজেলা প্রতিনিধি