প্রতিবেদন: মোঃ সৌরভ হোসেন,
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার রহমানেরহাট এলাকায় রাজহংস-৮ লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ গাব ব্যবসায়ী আব্দুল আলিম হাওলাদারের মরদেহ ৪৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই আব্দুল আলিম হাওলাদার ঢাকার উদ্দেশ্যে একটি ছোট ট্রলারে আরও তিনজন যাত্রীকে সঙ্গে নিয়ে রহমানেরহাট স্টেশনে রাজহংস-৮ লঞ্চে ওঠার জন্য রওনা হন। এ সময় লঞ্চটি স্টেশন ত্যাগ করার পর তারা লঞ্চে ওঠার চেষ্টা করলে, স্থানীয়দের দাবি অনুযায়ী, লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।
এ ঘটনায় ট্রলারে থাকা তিনজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আব্দুল আলিম নিখোঁজ হন। তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।
দীর্ঘ ৪৮ ঘণ্টা অনুসন্ধানের পর ২০ জুলাই দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে নলবুনিয়া স্টেশন সংলগ্ন মেঘনা নদী থেকে মেহেন্দিগঞ্জ নৌ পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের পর মরদেহটি ঘোড়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনা হয়। পরে মেহেন্দিগঞ্জ (কালীগঞ্জ) নৌ পুলিশের অফিসার ইনচার্জ এনামুল হকের তত্ত্বাবধানে সুরতহাল কার্যক্রম সম্পন্ন করা হয়।
এ বিষয়ে নৌ পুলিশের অফিসার ইনচার্জ এনামুল হক জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং রাতের মধ্যেই দাফন সম্পন্ন হতে পারে।
মাল্টিমিডিয়া রিপোর্টার