মোঃএমরুল ইসলাম
নরসিংদী মনোহরদী প্রতিনিধি
‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাফি আফরোজ সনি।
মেলায় আম, কাঁঠাল, রামবুটান, পেয়ারা, কলা, ড্রাগন ফল, মাল্টা, কমলা, পেঁপে, আনারসসহ বিভিন্ন দেশীয় ও উন্নত জাতের ফল প্রদর্শন করা হয়। উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও ফলচাষিরা তাদের উৎপাদিত নানা ধরনের ফল নিয়ে মেলায় অংশগ্রহণ করেন। ফলে মেলাটি দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।
আয়োজকরা জানান, ফল মেলার মূল উদ্দেশ্য হলো কৃষকদের ফল চাষে আরও উৎসাহিত করা, দেশীয় ও উন্নত জাতের ফলের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও পুষ্টিকর ফল চাষে উদ্বুদ্ধ করা এবং ফল সংরক্ষণ ও সুষম পুষ্টি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষক, ফলচাষি, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রতিনিধি