শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

উদয় কাব্যসন্ধ্যায় কবিতার ছন্দে মুখর সাহিত্যাঙ্গন মিলনমেলায় বরেণ্য কবি ও সাহিত্যপ্রেমীরা

উদয় কাব্যসন্ধ্যায় কবিতার ছন্দে মুখর সাহিত্যাঙ্গন মিলনমেলায় বরেণ্য কবি ও সাহিত্যপ্রেমীরা
Google পছন্দে যোগ করুন

সৃজনশীল সাহিত্যচর্চা, মননশীলতা ও মানবিক মূল্যবোধের বিকাশে কবি, সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছে ‘উদয় কাব্যসন্ধ্যা’। উদয় জনকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত এ সাহিত্য অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ, আলোচনা ও সাহিত্যিক ভাবনার আদান-প্রদানে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। সন্ধ্যায় ঢাকার সাইনবোর্ড এলাকার আলম’স রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ আয়োজনে দেশের বিভিন্ন পর্যায়ের বরেণ্য কবি, সাহিত্যিক, অতিথি ও সাহিত্যপ্রেমীরা অংশ নেন। কবিতার ছন্দ, শব্দের সৌন্দর্য আর জীবনঘনিষ্ঠ ভাবনার প্রকাশে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য। উদয় জনকল্যাণ সংস্থার সভাপতি ইঞ্জি. ছলিম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ শাহীদুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাবেক অতিরিক্ত ডিআইজি সরদার তমিজউদদীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একরামুল হক সেলিম, নিজাম উদ্দিন ও শ্রী জোটন নাথ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী কবিরা তাঁদের স্বরচিত কবিতা আবৃত্তির মাধ্যমে প্রেম, প্রকৃতি, সমাজ, মানবতা ও জীবনের নানা বাস্তবতা তুলে ধরেন। তাঁদের কবিতায় উঠে আসে মানুষের সুখ-দুঃখ, অনুভূতি, আশা-আকাঙ্ক্ষা এবং সমাজ পরিবর্তনের প্রত্যাশা। পাশাপাশি আলোচনায় বক্তারা সাহিত্যচর্চার প্রসার, সুস্থ সংস্কৃতির বিকাশ এবং নতুন প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।‌ এ সময় উপস্থিত ছিলেন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক আলমগীর হোসেন, প্রধান উপদেষ্টা গিয়াস উদ্দিন করিম, সম্পাদক উদয়ন আইএফএম সেলিম, সিনিয়র সহসভাপতি ফিরোজ খাঁন জিকু, প্রতিষ্ঠাতা সদস্য দিদারুল আলম, উপদেষ্টা মো. সেলিম উদ্দিন ও আলাউদ্দিন, অর্থ সম্পাদক এসআই আজাদ, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন, সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক জিয়াউল হক এবং সহসাংগঠনিক সম্পাদক এমরান হোসেন।‍‍‌ এ ছাড়া উপস্থিত ছিলেন নেত্রজল সাহিত্য ম্যাগাজিনের সাধারণ সম্পাদক কবি মো. মোশারেফ হোসেন মাসুদ। অনুষ্ঠানে তাঁর পক্ষে সাহিত্য সম্মাননা গ্রহণ করেন তাঁর বড় ছেলে নবীন লেখক মো. সোলায়মান হোসেন মারুফ। এ সময় আইটি সম্পাদক শেখ ফরিদসহ সংস্থার অন্যান্য সদস্য ও আমন্ত্রিত সাহিত্যপ্রেমীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১১ সালে চট্টগ্রামের মীরসরাইয়ে প্রতিষ্ঠিত উদয় জনকল্যাণ সংস্থা দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চার পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, রমজানে রোজাদারদের মধ্যে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ, বন্যার্তদের সহায়তা এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও আহত ব্যক্তিদের আর্থিক সহযোগিতাসহ নানা জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজসেবায় ভূমিকা রেখে চলেছে সংগঠনটি। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের সাহিত্য আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকলে নতুন প্রজন্মের মধ্যে সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের চর্চা আরও বিস্তৃত হবে। একই সঙ্গে কবি, সাহিত্যিক ও সৃজনশীল মানুষদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সাহিত্যিক বন্ধন আরও সুদৃঢ় হবে।

Link Copied