নিজস্ব প্রতিবেদক, খুলনা:
“অন্য হোক সবার অধিকার, ক্ষুধামুক্ত সমাজ গড়ার অঙ্গীকার”—এই মানবিক স্লোগানকে সামনে রেখে খুলনায় ৩০০ জন অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, খুলনা জেলা শাখা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১:৩০ মিনিটে খালিশপুরের গোয়ালখালী ক্লাবের মোড় এলাকায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
সংগঠনের সভাপতি গোলাম কিবরিয়া তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহনেওয়াজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, ৯নং ওয়ার্ডের সাবেক কমিশনার এবং খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ জাহিদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শেখ জাহিদুল ইসলাম বলেন, “সাংবাদিকরা যদি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এ ধরনের মহতী ও মানবিক পদক্ষেপ গ্রহণ করেন, তবে দেশের ক্ষুধা ও দরিদ্র মানুষের অনেক উপকার হবে। ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনাদের এই স্লোগান ও কার্যক্রম যেন সবসময় চলমান থাকে।”
খাবারের প্যাকেট হাতে পেয়ে আবেগাপ্লুত ও আনন্দিত হয়ে ওঠেন এলাকার ক্ষুধা-দরিদ্র ও নিপীড়িত মানুষ। বিশেষ করে এতিম শিশুরা একবেলা সুস্বাদু খাবার পেয়ে গভীর সন্তোষ প্রকাশ করে এবং সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠায়। এ ধরনের মানবিক আয়োজন নিয়মিত রাখার জন্য তারা সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত অনুরোধ জানান। স্থানীয় এলাকাবাসীও সাংবাদিকদের এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।









