নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের আত্রাই ও রাণীনগর উপজেলা অংশের পাশে ৩৩ কেভি এবং ১১ কেভি নতুন বিদ্যুৎ লাইন সংযোগের জন্য বর্তমানে সারি সারি নতুন বৈদ্যুতিক খুঁটি স্থাপনের কাজ চলছে। চলমান এই প্রকল্পের আওতায় খুঁটি বসানোর পাশাপাশি সেগুলোতে সড়কবাতি (স্ট্রিট লাইট) সংযোজনের জোর দাবি জানিয়েছেন আত্রাই ও রাণীনগর উপজেলার স্থানীয় বাসিন্দা, নিয়মিত যাত্রী ও পরিবহন চালকরা।
সরেজমিনে দেখা গেছে, উত্তরবঙ্গের অত্যন্ত ব্যস্ততম এই আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রতিদিন দিন-রাত শত শত দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক এবং সাধারণ যাত্রীবাহী যানবাহন চলাচল করে। সড়কের এক পাশ ঘেঁষে নতুন বৈদ্যুতিক খুঁটিগুলো বসানো হচ্ছে। তবে সন্ধ্যা নামলেই পুরো মহাসড়কটি ঘুটঘুটে অন্ধকারে তলিয়ে যায়।
ভুক্তভোগী যাত্রী ও চালকদের অভিযোগ, রাতের আঁধারে পর্যাপ্ত আলো না থাকায় সড়ক পরিষ্কার দেখা যায় না, যার ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এ ছাড়া অন্ধকার ও জনশূন্যতার সুযোগ নিয়ে একটি অপরাধী চক্র নিয়মিত ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটাচ্ছে, যা সাধারণ মানুষের জীবন ও মালামালকে চরম ঝুঁকির মুখে ফেলছে।
স্থানীয় এলাকাবাসীর মতে, যেহেতু বর্তমানে নতুন বৈদ্যুতিক খুঁটিগুলো বসানোর কাজ চলমান রয়েছে, তাই এখনই পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত করে এই খুঁটিগুলোর সাথে সড়কবাতি বা লাইটিংয়ের ব্যবস্থা করা হলে আলাদা করে আর অবকাঠামো তৈরির প্রয়োজন হবে না।
জনস্বার্থের এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিবেচনায় নিয়ে চলমান কাজের সাথেই খুঁটিগুলোতে দ্রুত লাইটিংয়ের ব্যবস্থা করতে নওগাঁ ও নাটোর সড়ক বিভাগ, বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং স্থানীয় সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম-এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন আত্রাই ও রাণীনগর উপজেলার এলাকাবাসী। তাদের প্রত্যাশা, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত এই উদ্যোগ নেওয়া হলে মহাসড়কটিতে রাতের বেলা দুর্ঘটনা ও অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে।