প্রতিনিধি:নূরুল ইসলাম নাহিদ
কালিয়াকৈর, গাজীপুর।
গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, একই পরিবারের তিনজন কোনাবাড়ী থেকে মোটরসাইকেলে চড়ে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। পথে সফিপুর উড়াল সেতুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে নাওজোর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।
নাওজোর হাইওয়ে থানার ওসি মঞ্জুর মোর্শেদ বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।