শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ভেদরগঞ্জে মাদকবিরোধী বার্তা নিয়ে ১০০ তরুণের ৬ কিলোমিটার ম্যারাথন

ভেদরগঞ্জে মাদকবিরোধী বার্তা নিয়ে ১০০ তরুণের ৬ কিলোমিটার ম্যারাথন
Google পছন্দে যোগ করুন

সূর্যি মামা জাগার আগে, উঠব আমরা জেগে’—এই স্লোগানকে সামনে রেখে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষারে অনুষ্ঠিত হয়েছে ৬ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা-২০২৬। মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে তরুণ প্রজন্মকে দূরে রেখে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করতে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেন শতাধিক তরুণ।

সকল কে মর্নিং বার্ডস ক্লাবের উদ্যোগে এবং মানবিক আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট শাহজালাল মৃধার তত্ত্বাবধানে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়।

সাজনপুর বাজার থেকে শুরু হওয়া ম্যারাথনে মহিষার ইউনিয়নের বিভিন্ন এলাকার তরুণেরা অংশ নেন। ইউনিয়নের অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত ৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রতিযোগিতাটি শেষ হয়। সকালজুড়ে তরুণদের অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

ম্যারাথনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের উৎসাহ দেন অ্যাডভোকেট শাহজালাল মৃধা। এ সময় উপস্থিত ছিলেন মর্নিং বার্ডস ক্লাবের সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার আল আমিন, ক্লাবের উপদেষ্টা রুহুল আমিন মোল্লা, আক্তার সরদারসহ ক্লাবের দায়িত্বশীল ব্যক্তি ও সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহজালাল মৃধা বলেন, “তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও শরীরচর্চার বিকল্প নেই। তরুণদের সুস্থ ও সুন্দর জীবনযাপনে উৎসাহিত করতেই আমাদের এ ধরনের আয়োজন।”

আয়োজকরা জানান, এ আয়োজনের মূল উদ্দেশ্য শুধু প্রতিযোগিতা নয়; বরং তরুণদের মধ্যে নিয়মিত শরীরচর্চা, শৃঙ্খলাবোধ ও ইতিবাচক জীবনধারার অভ্যাস গড়ে তোলা। ভবিষ্যতেও তরুণদের নিয়ে এ ধরনের ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

ম্যারাথনে অংশগ্রহণকারী তরুণেরা জানান, এ ধরনের আয়োজন নিয়মিত হলে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি মাদক থেকে দূরে থেকে তরুণ প্রজন্ম সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবে।

Link Copied