কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও উৎপাদন বাড়ানোই সরকারের প্রধান লক্ষ্য: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী
নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
কৃষকদের সেচ সুবিধা সম্প্রসারণ, ফসলি জমির উৎপাদন বৃদ্ধি এবং কৃষিকে লাভজনক পেশায় রূপান্তর করতে দেশব্যাপী বহুমুখী উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে বর্তমান সরকার। পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের সমন্বয়ে এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার (১৩ নভেম্বর) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দাড়ারহাট এলাকায় তেলীপাড়া হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, "কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ফসলি জমির উৎপাদন বাড়ানোই সরকারের অন্যতম মূল লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে কৃষকদের উপযোগী লাভজনক নানা প্রকল্প গ্রহণ করা হয়েছে। দেশব্যাপী এসব প্রকল্প বাস্তবায়নের ফলে একদিকে যেমন কৃষি উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে, অন্যদিকে প্রান্তিক কৃষকদের জীবনমানও উন্নত হবে।"
এর আগে প্রতিমন্ত্রী নবনির্মিত বা সংস্কারাধীন প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পঞ্চগড়ের বাস্তবায়নে এই উপপ্রকল্পটির কাজ সম্পন্ন করা হচ্ছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ১৪ লাখ ৫৩ হাজার টাকা।
৮.৯৩০ কিলোমিটার দীর্ঘ ক্যানেল বাঁধ পুনরাকৃতিকরণ ও সিসি ক্যানেল লাইনিং কাজ। ৮৪টি আউটলেট ও পাম্পহাউজ পুনর্বাসন। নতুন কালভার্ট ও অ্যাকুইডাক্ট (Aqueduct) নির্মাণ। আধুনিক মোটর ও পাম্প স্থাপন।
উপজেলাটির দণ্ডপাল, দেবীডুবা ও সুন্দরদিঘী ইউনিয়নের ৭ হাজারের অধিক কৃষক ও ভূমি মালিক সরাসরি এই প্রকল্পের মাধ্যমে সেচ সুবিধা ভোগ করবেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এই প্রকল্পের কাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকার দীর্ঘদিনের সেচ সংকট দূর হবে এবং কৃষি জমিতে সময়মতো পানির প্রাপ্যতা নিশ্চিত হবে।









