শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি কাকলীর প্রথম শ্রেণির সনদধারী মাস্টার মো. মোশাররফ হোসেনকে আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ করে দিয়েছেন এ নৌরুটে চলাচলকারী ফেরির মাস্টার ও কর্মকর্তা-কর্মচারীরা।
এতে শরীয়তপুর ও চাঁদপুরের দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় প্রায় ১৫০টি যানবাহন আটকা পড়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
শনিবার (১৪ নভেম্বর) ভোর ৪টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আটক মাস্টার মো. মোশাররফ হোসেনকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি পরিচালনা করবেন না বলে জানিয়েছেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা।
তবে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপারের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তাঁরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের নরসিংহপুর ফেরিঘাট এলাকায় কাকলী ফেরি ও বালুবাহী একটি বাল্কহেডের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় ফেরিতে থাকা একটি ট্রাকের চাপায় এক মাদ্রাসাছাত্র নিহত হয় এবং আরও চারজন আহত হন। এ ঘটনায় ফেরির প্রথম শ্রেণির সনদধারী মাস্টার মো. মোশাররফ হোসেনকে চাঁদপুরের আলুবাজার নৌ-পুলিশ ফাঁড়ি আটক করে।
ফেরির কর্মকর্তা-কর্মচারীদের দাবি, দুর্ঘটনায় নিহত মাদ্রাসাছাত্রের স্বজন ও তাঁর বাবা লিখিতভাবে জানিয়েছেন, ফেরির কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে তাঁদের কোনো মামলা বা অভিযোগ নেই। বিষয়টি শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরনকেও সরাসরি অবহিত করা হয়েছে বলে দাবি করেন তাঁরা।
বিআইডব্লিউটিসি মাস্টার অ্যাসোসিয়েশনের (বিমা) কেন্দ্রীয় কমিটির ১ নম্বর সহসভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার আব্দুর রব বলেন, মাস্টার মোশাররফ হোসেন একজন প্রথম শ্রেণির সনদধারী কর্মকর্তা।
তাঁকে আটকের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে চলাচলকারী ফেরির মাস্টার ও কর্মচারীরা সম্মিলিতভাবে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নিজেও এ নৌরুটে চলাচলকারী ফেরি গৌরীর ইনচার্জ মাস্টার।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় শরীয়তপুর ও চাঁদপুরের দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে যাত্রী, চালক ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষ পড়েছেন বিপাকে।
ফেরিঘাটের ইনচার্জ ইকবাল হোসেন বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে বেশ কিছু যানবাহন আটকা পড়েছে। পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে।
অন্যদিকে ঘাটের ইজারাদার মাইদুল ইউসুফ জিসান বালা বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহন ও সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
বিশেষ করে জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষ বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন। দ্রুত সমস্যার সমাধান করে ফেরি চলাচল স্বাভাবিক করার দাবি জানান তিনি।
পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত এ পরিস্থিতির সমাধান হবে বলে প্রত্যাশা করেন।









