বিএনপির কোনো নেতা-কর্মী মাদকের সঙ্গে জড়িত থাকলে তাকেও আইন অনুযায়ী গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।
বুধবার (২৯ জুলাই) বিকেলে সাভারের তেতুঁলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি এলাকায় সড়কের ড্রেন নির্মাণকাজের উদ্বোধন শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। দলীয় পরিচয় বিবেচনায় না নিয়ে মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, যেসব এলাকায় পানি প্রবাহে বাধার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেসব এলাকায় দ্রুত ড্রেন নির্মাণ ও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনগণের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. মহিউদ্দিন, তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মেহেদি হাসান, ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি