শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান খুব শিগগিরই কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় একটি অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, সম্ভাব্য এই সফরকে কেন্দ্র করে কিশোরগঞ্জের কটিয়াদীসহ আশপাশের এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফর সফল করতে স্থানীয় পর্যায়ে প্রাথমিক প্রস্তুতিমূলক আলোচনা শুরু হয়েছে বলেও জানা গেছে।
এদিকে, সফরের সম্ভাব্য সড়কপথ হিসেবে নরসিংদীর শিবপুর উপজেলার ওপর দিয়ে যাতায়াতের বিষয়টি নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সূচি প্রকাশ করা হয়নি, তবে শিবপুর হয়ে কটিয়াদীতে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
যদি তিনি শিবপুর হয়ে সফর করেন, তাহলে উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাঁকে উষ্ণ সংবর্ধনা জানানো হতে পারে বলে স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন। এ উপলক্ষে সম্ভাব্য প্রস্তুতির বিষয়েও অনানুষ্ঠানিক আলোচনা চলছে।
তবে তারেক রহমানের সফরের সময়সূচি, যাতায়াতের রুট এবং কর্মসূচি সম্পর্কে এখনো বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিষয়টি এখনো সম্ভাব্য সফর হিসেবেই বিবেচিত হচ্ছে।
উপজেলা প্রতিনিধি