শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে সখিপুরের ডাকবাংলো এলাকায় ইসমাইল হোসেন তানিশা নামে এক তৃতীয় লিঙ্গের ব্যক্তির বাড়িতে এ অভিযান চালানো হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে সখিপুর থানা পুলিশের একটি দল ডাকবাংলো এলাকার ওই বাড়িতে অভিযান চালায়।
এ সময় বাড়ির দোতলার একটি কক্ষে প্লাস্টিকের চাটাইয়ের ওপর বসে কয়েকজনকে জুয়া খেলতে দেখা যায়। পরে অভিযান চালিয়ে জুয়া খেলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মোশাররফ মোস্তাকার (৪০), জাবু বয়াতী (৪৫), নাইমুল সিকদার (৪৮), নওশাদ মল্লিক (৫০), বাদশা সিকদার (৪২), ইমামুল মাজি (৩৮), কালু ঢালী (৫০), মান্নান ওজি (৫৫), হুমায়ুন ছৈয়াল (৩৮) ও আজাহারুল সরকার (৬৫)। তাঁদের সবার বাড়ি ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, জুয়ার বোর্ড ও নগদ টাকা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া খেলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ডাকবাংলো এলাকায় দীর্ঘদিন ধরে জুয়া, মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চলে আসছে। এসব কর্মকাণ্ডের কারণে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং যুবসমাজ নেতিবাচক প্রভাবের মুখে পড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে নিয়মিত পুলিশি অভিযান ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ ঘটনায় সখিপুর থানায় ২৬ নভেম্বর ২০২৬ তারিখে ২০ নম্বর মামলা দায়ের করা হয়েছে। মামলাটি জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ও ১৮ ধারায় করা হয়েছে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১০ জনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়ের করে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।”
পুলিশ জানিয়েছে, এলাকায় জুয়াসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।









