বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

উখিয়ায় বসতঘরের তোষকের নিচে মিলল ২৪ লাখ টাকার ইয়াবা, রোহিঙ্গা তরুণী আটক

উখিয়ায় বসতঘরের তোষকের নিচে মিলল ২৪ লাখ টাকার ইয়াবা, রোহিঙ্গা তরুণী আটক
রোহিঙ্গার তরুণী মিনারা বেগম ও ৮ হাজার পিছ ইয়াবা
Google পছন্দে যোগ করুন

বাইরে থেকে দেখলে মনে হবে একেবারেই সাধারণ একটি বসতঘর। কিন্তু সেই ঘরেরই শোবার খাটের তোষকের নিচে বিশেষ কায়দায় লুকানো ছিল মাদকের বড় চালান। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ মিনারা বেগম (২০) নামে এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উখিয়ার ক্যাম্প-২/ইস্টের ব্লক-এ/৮ এলাকার জানে আলমের বসতঘরে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত অপর এক ব্যক্তি পালিয়ে যায়।

যেভাবে উদ্ধার হলো ইয়াবা:

এপিবিএন সূত্রে জানা গেছে, মাদক মজুতের গোপন খবরে ক্যাম্প-২/ইস্টের ওই বসতঘরে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এ সময় ঘর থেকে মিনারা বেগমকে আটক করা হয়। পরবর্তীতে ঘরে তল্লাশি চালিয়ে শোবার খাটের তোষকের নিচে কালো পলিথিনে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটটি খুলে ভেতরে থাকা ৪০টি ছোট জিপার ব্যাগ থেকে মোট ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা।

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত নারী ও উদ্ধারকৃত মাদকের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Link Copied