কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের সেতুনি বটতল এলাকায় সন্ধ্যা নামলেই কিশোর গ্যাং, ইয়াবা কারবারি ও নেশাগ্রস্তদের উৎপাত চরম আকার ধারণ করছে। প্রায় প্রতিদিনই এখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রুপে গ্রুপে মারামারি ও বিশৃঙ্খলা লেগেই আছে। ফলে সন্ধ্যার পর সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিক্ষার্থীরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এলাকার উঠতি বয়সের স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা প্রতিদিন চোখের সামনে এসব মাদক কারবার ও অপরাধমূলক কর্মকাণ্ড দেখে নিজেরাও বিপথে ধাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। একটি প্রজন্ম চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে।
এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে বাঁচাতে উখিয়া থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। অনতিবিলম্বে এই এলাকায় সন্ধ্যার পর নিয়মিত পুলিশি টহল জোরদার করে কিশোর গ্যাং ও মাদক কারবারিদের আইনের আওতায় আনা হোক।









