পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ বাহাদুর খান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
রোববার (২২ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার হওয়া বাহাদুর খানের বসতঘরের পেছনের বারান্দা থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ সময় তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মোঃ বাহাদুর খান বড় গাবুয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মোঃ সেকান্দার খান।
এ ঘটনায় গলাচিপা থানায় ২৩ নভেম্বর ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলা নম্বর ৪২।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।









