রবিবার, ২২ নভেম্বর ২০২৬

ঝিনাইদহে ডাকাতির আতঙ্কে অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু

ঝিনাইদহে ডাকাতির আতঙ্কে অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
Google পছন্দে যোগ করুন

মো: আরিফুল ইসলাম, ঝিনাইদহ, কালীগঞ্জ।।

ঝিনাইদহের কালীগঞ্জে সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতদের কবলে পড়ে চরম আতঙ্কিত হয়ে চলন্ত অ্যাম্বুলেন্সের মধ্যেই সন্তান প্রসব করেছেন এক প্রসূতি। পরে নবজাতক শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ডাকাতরা নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার গান্না-নীমতলা সড়কের সিংদহ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ডাকাতির শিকার পরিবারটি চুয়াডাঙ্গা শহরের পোস্ট অফিস পাড়ার বাসিন্দা আবদুল্লা আল নোমানের। তিনি ‘চুয়াডাঙ্গা পোস্ট’ নামে একটি অনলাইন পোর্টালের উপদেষ্টা সম্পাদক।

ভুক্তভোগী আবদুল্লা আল নোমান জানান, সন্তানসম্ভবা স্ত্রী ও পরিবারের আরও তিন সদস্যকে নিয়ে তিনি অ্যাম্বুলেন্সযোগে যশোর যাচ্ছিলেন। পথে সিংদহ গ্রামে পৌঁছালে সড়কের পাশের গাছ কেটে রাস্তার ওপর ফেলে ব্যারিকেড দেয় আনুমানিক ৭-৮ জনের একটি মুখোশধারী ডাকাত দল। এ সময় তারা অ্যাম্বুলেন্সটি থামিয়ে তার, মা ও শাশুড়ির কাছে থাকা নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

তিনি আরও জানান, ডাকাতির ঘটনায় তার স্ত্রী ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েন। সেই আতঙ্কের মধ্যেই অ্যাম্বুলেন্সের ভেতরে তিনি সন্তান প্রসব করেন। কিন্তু শেষ পর্যন্ত নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ঘটনাস্থলে পুলিশের একটি দল আসে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলার বেতাই চণ্ডীপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) হাসান আলী জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিস্তারিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। রাস্তার ওপর গাছ ফেলে ব্যারিকেড দেওয়া হয়েছিল। একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। অ্যাম্বুলেন্সে একজন গর্ভবতী রোগী ছিলেন এবং তার প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। তবে নবজাতকের মৃত্যুর বিষয়টি তখন নিশ্চিত হতে পারেননি বলে জানান তিনি।

ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, ডাকাতির ঘটনা সত্য এবং প্রসূতির নবজাতক শিশুটির মৃত্যুর খবরও তিনি পেয়েছেন। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল মাঠে কাজ শুরু করেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Link Copied