মোঃ সৌরভ হোসেন,
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ১নং আন্দারমানিক ইউনিয়নের পূর্বভঙ্গা গ্রামের ৬নং ওয়ার্ডে মিলি (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) সকালে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত মিলি ওই এলাকার প্রবাসী রবিন ওরফে রুহুল আমিন হাওলাদারের মেয়ে। সে আন্দারমানিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে লেখাপড়ার বিষয় নিয়ে মিলিকে বকাঝকা করেন তার মা মোকছেনুর বেগম। এরপর মায়ের ওপর অভিমান করে রাতের খাবার না খেয়েই নিজের কক্ষে ঘুমিয়ে পড়ে সে। মেয়েকে ঘুমিয়ে পড়েছে মনে করে রাতে আর তাকে খাবার খেতে ডাকেননি মা।
পরদিন শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে মিলিকে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য ডাকতে তার কক্ষে যান মা। এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে ডাকচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। একপর্যায়ে জানালার গ্লাস ভেঙে ভেতরে তাকালে জানালার গ্রিলের পাশে ওড়না পেঁচানো অবস্থায় মিলির মরদেহ দেখতে পান তারা।
মিলির মা মোকছেনুর বেগম জানান, শুক্রবার রাত ১০টা থেকে শনিবার সকাল ৭টার মধ্যবর্তী কোনো এক সময়ে পরিবারের অগোচরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কাজিরহাট থানার এসআই আলমগীর দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় নিহতের ফুপু বাদী হয়ে কাজিরহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
এদিকে, মাত্র ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হোক।
পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনেই মিলির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে আশা করছেন স্থানীয়রা।









