রবিবার, ২২ নভেম্বর ২০২৬

শিশুধর্ষণ মামলায় ৫ লাখ ৫০ হাজার টাকায় আপসের অভিযোগ, মধ্যস্থতায় বিএনপির দুই নেতার নাম

শিশুধর্ষণ মামলায় ৫ লাখ ৫০ হাজার টাকায় আপসের অভিযোগ, মধ্যস্থতায় বিএনপির দুই নেতার নাম
Google পছন্দে যোগ করুন

শিশুধর্ষণ মামলায় ৫ লাখ ৫০ হাজার টাকায় আপসের অভিযোগ, মধ্যস্থতায় বিএনপির দুই নেতার নাম

আল আমীন সরদার

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন চরভাগা ইউনিয়নের পেদাকান্দি গ্রামে ১০ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ভয়ভীতি দেখিয়ে ৫ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে আপস-মীমাংসা করানোর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তিন পৃষ্ঠার একটি স্ট্যাম্পে লিখিত আপসনামার তথ্য সামনে এসেছে। এতে বাদী ও আসামিপক্ষের স্বাক্ষর রয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপির দুই নেতা সরোয়ার মোল্লা ও মানিক বকাউলের মধ্যস্থতায় এ সমঝোতা হয়।

আপসনামায় উল্লেখ করা হয়েছে, সখিপুর থানার মামলা নম্বর-০৫, তারিখ ৬ অক্টোবর ২০২৬। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলাটি করা হয়। জিআর মামলা নম্বর ৩৩২/২০২৬ (সখিপুর)।

আপসনামায় প্রথম পক্ষ হিসেবে শিশুটির মা আক্তার রুমি (২৯), স্বামী নাসির মোল্লা এবং দ্বিতীয় পক্ষ হিসেবে অভিযুক্ত জাহিদ বেপারী (২২), পিতা জহিরুল ইসলামের নাম উল্লেখ রয়েছে। উভয় পক্ষের ঠিকানা চরভাগা ইউনিয়নের পেদাকান্দি গ্রাম।।

এতে সাক্ষী হিসেবে শিশুটির দাদা খোকন মোল্লা ও ফিরোজা বেগমের নাম রয়েছে। মধ্যস্থতাকারী হিসেবে সখিপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার মোল্লার নামও উল্লেখ করা হয়েছে।

আপসনামায় বাদীপক্ষের বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে, বাদী ও আসামি একই এলাকার বাসিন্দা এবং পরস্পরের আত্মীয়।

তাঁদের মধ্যে ভুল-বোঝাবুঝি ও ব্যক্তিগত এবং পারিবারিক দ্বন্দ্বের কারণে মামলাটি দায়ের করা হয়েছে বলে সেখানে দাবি করা হয়।

এদিকে অভিযুক্ত জাহিদ বেপারীর মা মমতাজ বেগম অভিযোগ করে বলেন, তাঁর ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এলাকার মুরুব্বিদের কথায় আইনজীবীর চেম্বারে গিয়ে ৫ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। সরোয়ার মোল্লা ও মানিক বকাউল তাঁকে আশ্বাস দিয়েছিলেন, টাকা দিলে কোনো সমস্যা হবে না এবং মামলা তুলে নেওয়া হবে।

তিনি আরও বলেন, তাঁদের কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়েছিল। পরে এলাকার মুরুব্বিরা ৫ লাখ ৫০ হাজার টাকা দিয়েছেন। বাকি ৫০ হাজার টাকা দেওয়ার কথা রয়েছে। তবে তাঁদের দাবি, এ ঘটনায় সব মিলিয়ে ১১ লাখ টাকা খরচ হয়েছে। সমঝোতা হলে মামলা তুলে নেওয়া হবে এবং তাঁর ছেলেকে আর জেল খাটতে হবে না বলেও তাঁকে আশ্বস্ত করা হয়েছিল।

অন্যদিকে শিশুটির মা আক্তার রুমি বলেন, তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। কখন কী ঘটে, সেই আতঙ্কে থাকেন। এলাকার মুরুব্বিরা যা বলেছেন, ভয়ের কারণে তাঁরা তা মেনে নিতে বাধ্য হয়েছেন। তাঁদের আইনজীবীর চেম্বারে নিয়ে ৫ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি ৫০ হাজার টাকা পরে দেওয়ার কথা বলা হয়েছে। ভয়ে তাঁরা আপস-মীমাংসায় যেতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল ইসলাম সাইফুল বলেন, দুই পক্ষই সমঝোতার জন্য তাঁর কাছে এসেছিল। একপর্যায়ে তাঁর চেম্বারে বসেই দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে চরভাগা ইউনিয়নের পেদাকান্দি গ্রামের একটি বসতবাড়িতে ওই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় যুবক জাহিদ বেপারীর বিরুদ্ধে। তিনি স্থানীয় শিক্ষক মমতাজ বেগম ও জহিরুল ইসলামের ছেলে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে শিশুটিকে প্রাইভেট পড়ার জন্য চরভাগার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মমতাজ বেগমের কাছে পাঠানো হয়।

অভিযোগ রয়েছে, ওই সময় অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে শিক্ষকপুত্র জাহিদ কৌশলে শিশুটিকে পাশের একটি কক্ষে নিয়ে যান। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

নির্ধারিত সময়ে মেয়ে বাড়িতে না ফেরায় তার মা আক্তার রুমি খোঁজাখুঁজি শুরু করেন। পরে শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরে মাকে ঘটনার কথা জানায়। এ ঘটনায় শিশুটির পরিবার সখিপুর থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর অভিযুক্ত জাহিদ পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কর্মসূচি থেকে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোফাজ্জল হোসেন বলেন, পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুত তাঁকে আইনের আওতায় আনা হবে।

শিশুটির ওপর যৌন সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় অর্থ লেনদেনের মাধ্যমে আপসনামা তৈরির অভিযোগ এবং পরিবারের পক্ষ থেকে ভয়ভীতি প্রদর্শনের যে বক্তব্য এসেছে, তা গুরুতর উদ্বেগের বিষয়। সংশ্লিষ্ট আইন অনুযায়ী, এ ধরনের গুরুতর অপরাধের মামলা ব্যক্তিগত আপসনামার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি হয় না।

তাই অর্থ লেনদেনের অভিযোগ, আপসনামা তৈরির প্রক্রিয়া, মধ্যস্থতাকারীদের ভূমিকা এবং শিশুটির পরিবারের ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়েছিল কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

Link Copied