কে এম দুলাল হোসেন, রাঙ্গামাটি বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের বড়াদম এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ ১৫ হাজার ৬২০ টাকা মূল্যের ৯২ দশমিক ৩৬ ঘনফুট সেগুন কাঠ আটক করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) অধিনায়কের নির্দেশক্রমে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে হাবিলদার মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের বড়াদম এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযান পরিচালনাকারী টহল দল পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ৯২ দশমিক ৩৬ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ১৫ হাজার ৬২০ টাকা।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। সীমান্তবর্তী ও দুর্গম পাহাড়ি এলাকায় চোরাকারবারিরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব অপতৎপরতা প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতার পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। দায়িত্বপূর্ণ এলাকায় যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড ও চোরাচালান দমনে মারিশ্যা জোন সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করার মাধ্যমে চোরাচালান প্রতিরোধ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় পর্যায়ে অবৈধ কাঠ পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।









