বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বৈধ ব্যবসার আড়ালে মাদক সাম্রাজ্য! ১০ হাজার পিস ইয়াবাসহ ‘সোলতান হোটেল’-এর মালিক সোলতান গ্রেপ্তার

বৈধ ব্যবসার আড়ালে মাদক সাম্রাজ্য! ১০ হাজার পিস ইয়াবাসহ ‘সোলতান হোটেল’-এর মালিক  সোলতান গ্রেপ্তার
মাদক কারবারি আটক সোলতান
Google পছন্দে যোগ করুন

পানের দোকান থেকে শুরু করে হোটেল ব্যবসা, এরপর বিলাসবহুল গাড়ি আর কোটি টাকার বাড়ি। উখিয়ায় সোলতান আহমদের এমন দ্রুত বিত্তবৈভব অর্জন নিয়ে স্থানীয়দের মাঝে দীর্ঘদিন ধরেই ছিল নানা আলোচনা ও কৌতূহল। অবশেষে সেই রহস্যের জট খুলতে শুরু করেছে। ১০ হাজার পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছেন আলোচিত ‘সোলতান হোটেল’-এর মালিক সোলতান আহমদ।

সম্প্রতি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে তিনি আটক হন। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে অভিযোগ রয়েছে, বৈধ ব্যবসার নানা পরিচয়ের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এই অঞ্চলে ইয়াবা বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন। তবে এই কারবারে সোলতান একা নন; তাঁর পেছনে আরও একটি শক্তিশালী চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। এই চক্রের সদস্যরাও সাধারণ মানুষের চোখ ফাঁকি দিতে কেউ শোরুম, আবার কেউ মোবাইল ও বিকাশের দোকানের আড়ালে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছেন।

স্থানীয়দের মতে, উখিয়ায় সোলতানের মতো এমন আরও অনেকেই রয়েছেন যাঁরা মাত্র দুই-তিন বছর আগেও সাধারণ মুদি বা পানের দোকানে চাকরি করতেন। কিন্তু বর্তমানে তাঁরাও রাতারাতি আলিশান অট্টালিকা ও অঢেল সম্পদের মালিক বনে গেছেন। সচেতন মহলের দাবি, সোলতানের মতো পর্দার আড়ালে থেকে এই নব্য কোটিপতিরাও ইয়াবা বাণিজ্যের সঙ্গে গভীরভাবে জড়িত, যাদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।

Link Copied