বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

সাভারে ডিবির পৃথক অভিযান: নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সাভারে ডিবির পৃথক অভিযান: নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Google পছন্দে যোগ করুন

সাভারে পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ। গ্রেপ্তারকৃতদের পেশাদার মাদক কারবারি হিসেবে উল্লেখ করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার ৬০০ টাকা।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ও রাতে সাভার মডেল থানা এলাকার বক্তারপুর বেদেপাড়া এবং পাকিজা মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একাধিক দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন বক্তারপুর বেদেপাড়া এলাকায় প্রথম অভিযান চালানো হয়। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহাগী (২৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেন ডিবি পুলিশের এসআই মোঃ আঃ মুত্তালিব ও তাঁর সঙ্গে থাকা ফোর্স। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

গ্রেপ্তার সোহাগী গোপালগঞ্জ জেলার সদর থানার লক্ষ্মীপুর এলাকার নিয়ামত মোল্লার মেয়ে। তিনি বর্তমানে সাভারের বক্তারপুর তিন রাস্তার মোড় এলাকায় করিম পালোয়ানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, একই দিন রাত ৯টা ১০ মিনিটের দিকে সাভারের পাকিজা মোড় এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাব্বির হোসেন রানা (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের আরেকটি দল। এসআই মোঃ রাশেদ মিয়া ও তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার সাব্বির হোসেন রানার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৩ দশমিক ২ গ্রাম। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯ হাজার ৬০০ টাকা। তিনি বরিশাল জেলার আগৈলঝাড়া থানার চান্দু চাপ্রিশিরা বাগদা এলাকার মৃত সাখাওয়াত হোসেন ওরফে বাবুল বখতিয়ারের ছেলে। বর্তমানে তিনি সাভারের ইমান্দিপুর এলাকায় হযরত আলীর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধেই আগে একটি করে মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

সাভারসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Link Copied