গাজীপুর প্রতিনিধি: মোঃফরিদ হোসেন
গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় বুধবার সকালে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী, পরিবহন শ্রমিক ও সাধারণ পথচারীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে বলে জানা গেছে।
সংঘর্ষ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মহাসড়কে যান চলাচল সচল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।
তবে কী কারণে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সূত্রপাত হয়েছে এবং এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী যাত্রী ও স্থানীয়রা।









