বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ফরিদপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ফরিদপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
Google পছন্দে যোগ করুন

ফরিদপুর শহরের একটি ভাড়া বাসা থেকে ফাতেমা খাতুন (২৫) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে শহরের একটি বহুতল ভবনের ফ্ল্যাটের কক্ষের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফাতেমা খাতুন রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর গ্রামের আব্দুল কাদের প্রামাণিকের মেয়ে। তিনি ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের কলেজবান্ধবী জান্নাতুল জানান, ফাতেমার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করতে না পেরে মঙ্গলবার দুপুরে তিনি ওই বাসায় যান। সেখানে গিয়ে দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি বাড়ির মালিককে জানান।

ভবনটির মালিক ফজলুল হক শিকদার জানান, প্রায় দেড় মাস আগে স্থানীয় মাজেদ নামে এক ব্যক্তির অনুরোধে তাঁর ভাগ্নির বান্ধবী ফাতেমা ও তাঁর স্বামীর থাকার জন্য ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হয়। ভাড়াটিয়ারা এ পর্যন্ত এক মাসের ভাড়া পরিশোধ করেছেন। ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তাঁরা পুলিশকে খবর দেন। পরে পুলিশের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের সদস্যরা কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফাতেমার মরদেহ দেখতে পান।

পরে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। এ সময় নিহতের দুলাভাই মো. আলী আকবর মণ্ডল ও তাঁর ভাই আলম মণ্ডল (৩৯) ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাঁরা রাজবাড়ী সদর উপজেলার এরেন্দা এলাকার আব্দুল জলীল মণ্ডলের ছেলে।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সাহেব আলী খান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ফাতেমার আগে বিয়ে হয়েছিল। পরে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তাঁর বর্তমান স্বামী মাঝেমধ্যে ওই বাসায় থাকতেন। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। গত ১৬ নভেম্বর রাতে অথবা এর আগের কোনো একসময় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। তবে এটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত হতে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

Link Copied