চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফেনী সদর উপজেলার ৫ নম্বর কাজীরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ইবনে জাহিদ (৩৪) এবং ফেনীর সোনাগাজী উপজেলার ৩ নং মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের মৃত ছিদ্দিক আহম্মদের ছেলে সালাহউদ্দিন আকবর (৪৪)।
জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দুই ব্যক্তি একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ খাগড়াছড়ি থেকে যাত্রীবাহী শান্তি পরিবহনের একটি বাসে করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় তল্লাশিচৌকি স্থাপন করে। পরে সন্দেহভাজন বাসটি থামিয়ে তল্লাশি চালানো হলে বাসের দুই যাত্রী ইবনে জাহিদ ও সালাহউদ্দিন আকবরের হেফাজত থেকে একটি ৭.৬২ মি.মি. বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরে বিকেল সাড়ে ৫টার দিকে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ বিধি মোতাবেক জব্দ করা হয় এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়।
জোরারগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।









