ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় অলিভ অয়েল জব্দ করা হয়েছে। ভারত থেকে সীমান্তপথে চোরাচালানের মাধ্যমে এসব অলিভ অয়েল এনে ঢাকায় নেওয়া হচ্ছিল বলে ধারণা পুলিশের।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১০টা থেকে ১২টার মধ্যে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন ও ভূরুঙ্গামারী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদের উপস্থিতিতে থানা পুলিশের একটি দল ফুট পেট্রোল পরিচালনা করছিল। এ সময় কুড়িগ্রামগামী একটি ইঞ্জিনচালিত দ্রুতগতির নসিমনকে থামার সংকেত দেওয়া হলে চালক দুটি সাদা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা দুটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল উদ্ধার করা হয়। জব্দকৃত এসব অলিভ অয়েলের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা।
চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং জব্দকৃত মালামালের প্রকৃত মালিকানা নির্ধারণের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জিডিমূলে জব্দকৃত মালামাল থানায় সংরক্ষণ করা হয়েছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ ও সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন জানান, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে নিয়মিত চেকপোস্ট ও ফুট পেট্রোল পরিচালনা করা হচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক, জুয়া ও চোরাচালান প্রতিরোধে পুলিশের কার্যকর অভিযান অব্যাহত রয়েছে।









