শেখ রাসেল ইসলামপুর (জামালপুর) প্রতিনিধ:
সিজারের পর প্রস্রাব বন্ধ, ময়মনসিংহে মৃত্যু—দাফনের আগেই সাড়ে চার লাখ টাকায় আপসের অভিযোগ!
গত ছয় নভেম্বর শুক্রবার জামালপুরের ইসলামপুর উপজেলার মুরাদাবাদ এলাকার বাসিন্দা লাভলী বেগমকে ভর্তি করা হয় দেওয়ানগঞ্জের বিসমিল্লাহ জেনারেল হাসপাতালে। জামালপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার চিকিৎসক আফরিন ইসলামের তত্ত্বাবধানে সম্পন্ন হয় সিজারিয়ান অস্ত্রোপচার।
পরিবারের দাবি, অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরলেও একপর্যায়ে বন্ধ হয়ে যায় স্বাভাবিক প্রস্রাব। ফুলে যায় পেট, শুরু হয় রক্তক্ষরণ। অবস্থার অবনতি হলে পরদিন সাত নভেম্বর বিকেলে তাঁকে রেফার্ড করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আট নভেম্বর রোববার সকালে মৃত্যু হয় তাঁর।
স্থানীয়দের অভিযোগ, আট নভেম্বর বিকেল চারটায় মরদেহ বাড়িতে পৌঁছানোর পর রাত আটটার মধ্যেই তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করা হয়। এর আগে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সাড়ে চার লাখ টাকায় সমঝোতা হয়। যার মধ্যে নগদ দেড় লাখ এবং বাকি তিন লাখ টাকা ব্যাংক চেকের মাধ্যমে দেওয়া হয় বলে জানান স্থানীয়রা
একজন নারীর মৃত্যুর পর আর্থিক সমঝোতা এবং দ্রুত দাফন—ঘটনাটিকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন। এটি কি চিকিৎসায় অবহেলার ঘটনা, নাকি স্বাভাবিক চিকিৎসাজনিত জটিলতা? অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা।
অন্যদিকে, বিসমিল্লাহ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অস্ত্রোপচারে কোনো ত্রুটি ছিল না। এখন সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের তদন্তেই বেরিয়ে আসতে পারে মৃত্যুর প্রকৃত কারণ।









