সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

রাজাশনে ডিবির অভিযান, মাদকসহ আটক ১

 রাজাশনে ডিবির অভিযান, মাদকসহ আটক ১
Google পছন্দে যোগ করুন

সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আকরাম হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। গ্রেপ্তার ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।

রোববার (২২ নভেম্বর ) রাত ১০টা ৪০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন রাজাশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) আরিফুল ইসলামসহ পুলিশের একটি দল রাজাশন এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন মাদক ব্যবসায়ী মোঃ আকরাম হোসেনকে আটক করা হয়।

পরে তার কাছ থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর মোট ওজন প্রায় ১৫০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মোঃ আকরাম হোসেন (৩২) গাজীপুর জেলার কাশিমপুর থানার বারেন্ডা এলাকার মোঃ ফরিদ হোসেন এর ছেলে। তিনি বর্তমানে সাভার মডেল থানাধীন আমতলা এলাকায় জহিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তার আকরাম হোসেনের বিরুদ্ধে পূর্বেও একটি মাদকসংক্রান্ত মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে জেলা পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।

Link Copied