ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গভীর রাতে বসতঘরে অগ্নিকাণ্ডে প্যারালাইসিসে আক্রান্ত আসমান হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে সুজন হাওলাদারকে (২৭) সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ চান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসমান হাওলাদার ওই গ্রামের মৃত বসির উদ্দিন হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজন হাওলাদার দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাসী ছিলেন। প্রায় ২৫ দিন আগে তিনি দেশে ফেরেন। দেশে ফেরার পাঁচ দিনের মাথায় তিনি নতুন করে বিয়ে করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাঁর একাধিক বিয়ে এবং আগের স্ত্রী লাইজুর বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসার জন্য গত শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয়ভাবে সালিশ-বৈঠকের আয়োজন করা হলেও সেখানে সুজন উপস্থিত হননি।
অগ্নিকাণ্ডের বিষয়ে সুজনের আগের স্ত্রী লাইজুর বেগম জানান, আগুন লাগার সময় তাঁর শ্বশুর ঘরের ভেতরে আটকা পড়ে চিৎকার করছিলেন। তিনি অন্য ঘর থেকে বেরিয়ে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। তবে ঘরের ভেতরে বৈদ্যুতিক তার থাকায় আগুনের মধ্যে প্রবেশ করতে পারেননি। পরে চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রথমে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনায় তাদের আর আসতে হয়নি। লাইজুর বেগমের অভিযোগ, এলাকার লোকজনকে ফাঁসানোর উদ্দেশ্যে সুজনই ঘরে আগুন লাগিয়েছেন।
নিহতের ভাতিজা সোহেল জানান, গভীর রাতে মাইকে আগুন লাগার খবর পেয়ে তিনি ও গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে যান। বৈদ্যুতিক সংযোগের কারণে ঘর থেকে তাঁর চাচাকে বের করা সম্ভব হয়নি। পরে এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর সুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁকে আটক করে রশি দিয়ে বেঁধে রাখেন এবং পুলিশে খবর দেন।
ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে মৃত অবস্থায় পায়। এ সময় স্থানীয়দের হাতে আটক থাকা নিহতের ছেলে সুজন হাওলাদারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পারিবারিক বিরোধের জেরে, নাকি কাউকে ফাঁসানোর উদ্দেশ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









