বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গাঁজা ও ইয়াবাসহ তিনজন ডিবির হাতে আটক

গাঁজা ও ইয়াবাসহ তিনজন ডিবির হাতে আটক
Google পছন্দে যোগ করুন

সাভারে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) পৃথক বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই (নিঃ) আরিফুল ইসলামসহ গোয়েন্দা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকার তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে মোছাঃ মাজেদা বেগম (৪৮) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার মাজেদা বেগম সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার শৈলজানা গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত আয়ার আলী সরকার, স্বামী মৃত মোস্তাক হোসেন। বর্তমানে তিনি সাভারের বক্তারপুর তিন রাস্তার মোড় এলাকায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।

এদিকে, একই দিন রাত ১১টা ৫০ মিনিটের দিকে সাভার থানাধীন ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার সুদক্ষিরা গ্রামের আরমান (২৬), পিতা আব্দুস সামাদ এবং সাভার মডেল থানার হারাননগর দক্ষিণপাড়া এলাকার মোঃ লিটন মিয়া (৩৮), পিতা আব্দুর বারেক।

পুলিশের দাবি, তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৪ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার মাজেদা বেগমের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। অপর গ্রেফতার আরমানের বিরুদ্ধে একটি মাদক মামলা ও একটি অস্ত্র আইনের মামলা রয়েছে বলে জানা গেছে।

গ্রেফতার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকবিরোধী এ অভিযানকে সাভার এলাকায় মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের চলমান কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করেছে সংশ্লিষ্ট সূত্র।

Link Copied