মোঃ সৌরভ হোসেন,
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ছয়টি ইউনিয়নে দিন দিন উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগ। ইয়াবা ও গাঁজার সহজলভ্যতায় বিপথে ঝুঁকছে তরুণ প্রজন্ম। শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ, হাটবাজার ও বিভিন্ন অলিগলিতে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাজিরহাট, লতা, বিদ্যানন্দপুর, ভাসানচর, আন্দারমানিক ও আদর্শনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ রয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর কিছু চায়ের দোকান ও নির্জন স্থানে মাদকসেবীদের আড্ডা বসার অভিযোগ উঠেছে।
মাদকের প্রভাবে অনেক তরুণের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। নেশার টাকা জোগাড় করতে গিয়ে কেউ কেউ চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। এতে পারিবারিক অশান্তি বাড়ার পাশাপাশি দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন অভিভাবকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, আমার ছেলে ভালো ছাত্র ছিল। বন্ধুদের পাল্লায় পড়ে এখন নেশায় জড়িয়ে গেছে। সংসারে অশান্তি লেগেই আছে। কয়েকবার চিকিৎসাও করিয়েছি, কিন্তু পরিস্থিতির উন্নতি হয়নি।
এলাকার সচেতন মহলের মতে, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, মাদক নির্মূলে প্রয়োজন সামাজিক প্রতিরোধ, পারিবারিক সচেতনতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কার্যকর উদ্যোগ।
এ বিষয়ে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। গত কয়েক দিনে কয়েকজনকে গ্রেপ্তার করে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে শুধু পুলিশ দিয়ে এটি বন্ধ করা সম্ভব নয়। সামাজিক সচেতনতা বাড়াতে হবে। অভিভাবকদেরও সন্তানদের প্রতি আরও খেয়াল রাখতে হবে।
স্থানীয়দের দাবি, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়িয়ে কাজিরহাট থানার ৫ টি ইউনিয়নকে মাদকমুক্ত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে হবে।









