ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে প্রায় ২০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পোল্ট্রি ভ্যাকসিন জব্দ করা হয়েছে। বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা রোগ প্রতিরোধে ব্যবহৃত এসব ভ্যাকসিন পাচারের অভিযোগে দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে উপজেলার আন্ধারিঝাড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একটি অটোরিকশা থেকে ভ্যাকসিনের চালানটি জব্দ করা হয়। ককশিটের ১১টি কার্টনে থাকা ভ্যাকসিনের পরিমাণ ১৫৬ লিটার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরক মণ্ডল গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে মো. ছায়েদ আলী এবং পশ্চিম ফুলমতি গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে মো. মাসুদ রানা।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার এসআই নিহার রঞ্জন ও এসআই জাহিদের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। ভোটহাট সীমান্ত এলাকা থেকে আসা অটোরিকশাটি তল্লাশি করে এসব ভ্যাকসিন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ভোটহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করা ভারতীয় ভ্যাকসিনগুলো লালমনিরহাট জেলায় নিয়ে যাওয়া হচ্ছিল।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ভ্যাকসিন দেশে আনা হয়েছে। চক্রটি নিয়মিত ভারতীয় পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত। সুনির্দিষ্ট তথ্য ও দীর্ঘ নজরদারির মাধ্যমে তাদের অবৈধ ভ্যাকসিনসহ গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।









