মোঃ সৌরভ হোসেন:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ৭ নম্বর ভাসানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজীকান্দা গ্রামে মায়ের কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে রহিম ফকিরের ছেলে রবিউল (২২) তাঁর মা নেরু বেগমের (৬০) কাছে টাকা চান। তবে টাকা দিতে অস্বীকৃতি জানালে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই নেরু বেগমের মৃত্যু হয়। এ সময় তাঁর স্বামী রহিম ফকিরও আহত হন।
ঘটনার পর স্থানীয় লোকজন ছুটে এসে অভিযুক্ত রবিউলকে পালানোর চেষ্টা করার সময় আটক করেন। পরে তাঁর বোন নুপুর বেগম কাজিরহাট থানায় খবর দেন।
খবর পেয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান এসআই আনিসসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে অভিযুক্ত রবিউলকে থানায় নিয়ে যায় পুলিশ।
এ ঘটনায় রবিউলের বোন নুপুর বেগম বাদী হয়ে কাজিরহাট থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত রবিউল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক কেনার টাকা চাওয়াকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা জানা যাবে।
এদিকে মর্মান্তিক এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, এলাকায় মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আরও ঘটতে পারে। তাঁরা মাদক নির্মূলে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।









