মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের একটি আমবাগান থেকে রজনী খাতুন (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে স্থানীয়রা বাবুপুর মাঠের একটি ব্রিজের পাশের আমবাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
নিহত রজনী খাতুন মুজিবনগর থানার রশিকপুর গ্রামের রইদুল শেখের মেয়ে এবং উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের রিপন শেখের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন ব্যক্তি হাঁটতে বের হয়ে বাবুপুর মাঠের একটি ব্রিজের পাশের আমবাগানে রজনী খাতুনের মরদেহ ঝুলতে দেখেন। খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে মুজিবনগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।