ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মানিকদহ ইউনিয়নের কান্দারপাড় (ফাজিলপুর) এলাকায় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি মেশিন জব্দ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলার মানিকদহ, নাসিরাবাদ ও কাউলিবেড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল্লাহ।
অভিযান সূত্রে জানা যায়, মানিকদহ ইউনিয়নের কান্দারপাড় (ফাজিলপুর) এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া না গেলেও বালু উত্তোলন বন্ধ করে ব্যবহৃত মেশিনটি জব্দ করা হয়।
অন্যদিকে, নাসিরাবাদ ইউনিয়নের দরগা বাজার এলাকায় আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই আইনে কাউলিবেড়া ইউনিয়নের চরমুগডোবা এলাকায় আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অপর একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
দুই ব্যক্তির কাছ থেকে জরিমানার মোট দুই লাখ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধ, নদী ও পরিবেশের সুরক্ষা এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।