কে এম দুলাল হোসেন, রাঙ্গামাটি বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলা সাজেক ইউনিয়নের উদয়পুর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়েছে। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে উদয়পুর বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা মালামাল ফেলে দ্রুত গহীন জঙ্গলের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে বিভিন্ন ব্রান্ডের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত এসব প্রসাধনীর আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় বিজিবি কতৃপক্ষ জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালান রোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।